ইমেরিটাস অধ্যাপক হলেন দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আব্দুল্লাহ স্যার।

 গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেটের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ নিয়োগ সম্পন্ন হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইতিহাসে তিনি সর্বপ্রথম এই সম্মাননা পেলেন।

উচ্চশিক্ষায় অধ্যাপনা পেশায় একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পদ বা পদবি ইমিরেটাস অধ্যাপক। অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মানজনক পদ বা পদবি দেওয়া হয়।

একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের অন্যতম সেরা এই মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে সচিব পদমর্যাদায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে ২০১৯ সালের ৬ আগস্ট অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের তিন বার নির্বাচিত ডীন এবং মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

মহান সৃষ্টিকর্তার নিকট এই মহান শিক্ষক ও চিকিৎসকের দীর্ঘায়ু এবং সুস্থজীবন কামনা করি।

লিখেছেনঃ ডা. অভিষেক ভদ্র