বিডিনিউজ এক্সপ্রেসঃ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল কৃষিবিদ দিবসে বাংলাদেশের সকল কৃষিবিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, ‘কৃষিবিদ দিবস উপলক্ষে দেশের সব কৃষিবিদকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে কৃষিবিদদের প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন। যা এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিদের জন্য ছিল ঐতিহাসিক মাইলফলক। এবং কিছুদিন পরেই তা বাস্তবায়ন করেন। এ প্রেক্ষাপটে ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস উদযাপন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’
বিবৃতিতে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের পুনর্গঠনে প্রথমেই গুরুত্ব দেন কৃষি উন্নয়নের কাজে। ডাক দেন সবুজ বিপ্লবের। তিনি বলেছিলেন, ‘কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ, কৃষি উৎপাদন বাড়িয়ে সবুজ বিপ্লব সফল করে তুলুন। বাংলাদেশকে খাদ্যে আত্মনির্ভর করে তুলুন।’ বঙ্গবন্ধু গভীরভাবে বিশ্বাস করতেন, কৃষির উন্নতি ছাড়া এদেশের মানুষের মুক্তি আসতে পারে না। এজন্য কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ভূমিস্বত্ব আইন জারি করে পরিবার প্রতি ভূমি মালিকানা ৩৭৫ একর থেকে কমিয়ে সর্বোচ্চ ১০০ বিঘা সিলিং আরোপ করেন। ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করে দেন। কৃষকের মাঝে খাস জমি বিতরণ, কৃষির উৎপাদন খরচ কমাতে ভর্তুকি মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি-উপকরণ সরবরাহ নিশ্চিত করেন। সেচ সুবিধা বাড়াতে সেচপাম্পের সংখ্যা বৃদ্ধি করা হয় তিন গুণ। ধ্বংসপ্রাপ্ত কৃষি-অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি পাকিস্তানি আমলে রুজু করা ১০ লাখ সার্টিফিকেট মামলা থেকে কৃষকের মুক্তি দেন ও তাদের সব ঋণ মওকুফ করেন। যা ছিল কৃষি উন্নয়নে সুদূরপ্রসারী ও যুগান্তকারী সিদ্ধান্ত।
তিনি আরও জানান, আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বার প্রান্তে। কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েই স্বয়ংসম্পূর্ণতার প্রথম ধাপটি স্থাপন করেন জাতির পিতা। চাকরিতে কৃষিবিদদের প্রথম শ্রেণির স্বীকৃতি দেওয়ার কারণেই মেধাবী শিক্ষার্থীরা কৃষিতে পড়তে আসেন। মেধাবী কৃষিবিদরা নিরলস গবেষণা করে দেশে চাষ উপযোগী বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করছেন। যার সুফল পাচ্ছে সারা দেশের মানুষ। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে বর্তমান সরকারও কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তারিখঃ ১৩/০২/২২










