যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স, ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।
তিনি আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ স্লোগানে নির্মিত হতে যাচ্ছে এই স্পোর্টস ইন্সটিটিউট।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে পরিকল্পনা এবং করণীয় সম্পর্কে গণমাধ্যমে ব্রিফিংকালে এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে।














