ময়মনসিংহে নকল মুড়ির মিলকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: অন্য প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করে নকল মুড়ি উৎপাদনের দায়ে ময়মনসিংহে ইসলাম এন্টারপ্রাইজ নামে এক মুড়ির মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার বিকেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলামের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা আদায় করেন।
নিশাত মেহের বলেন, ময়মনসিংহের চরনিলক্ষীয়া এলাকার ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মাসকান্দার বিসিক শিল্প নগরীর মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের জোড়া হাতি মার্কার লোগো ও মোড়ক ব্যবহার করে নিম্নমানের মুড়ি কম দামে বাজারজাত করছিলো।
এতে মেসার্স নূর চিড়া-মুড়ি মিলের মালিক মাহবুব হোসেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের কাছে অভিযোগ করলে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়। পরে অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।