কবি শাহিনা খাতুন এর কবিতা “শহরে সূর্যাস্ত”

শহরে সূর্যাস্তঃ কবি শাহিনা খাতুন

পাহাড়ে সূর্যাস্ত অথবা সাগরে সূর্যাস্ত
দেখার বাসনা থেকেই যায়
ছোট ছোট পাখি দুর থেকে
বড়দের সাথে উড়ে যায়
সাথে আছে একটা চিল
থেমে থেমে উড়তে থাকা পাখি
কবুতরগুলো যেন ভয় পেয়ে যায়।
হালকা থেকে নীল গাঢ় হতে থাকা
আসমান দেখে মনে হয়
হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে দিগন্ত
সরু নদী পথে নৌকা চলে তাদের মতন
ঐপারে আছে এক ঋষি বটগাছ
লালসুতো বাঁধা আছে ডালে
পরাণ বান্ধা থাকে সুতোর গেরোয়
আহারে খোয়াবি মন
কখনো চঞ্চল আবার কখনোবা ধীর।
কে কখন উড়াল দেয় ইল্লিনে বা সিজ্জিনে
জানা নেই কারো
তবুও ঘর বান্ধে মন অনুক্ষণ
ঐপড়ন্ত লাল সূর্যটারে দেখে
কপালের টিপ মনে হয়।
খুব প্রেম জাগে মনে
এ প্রেমের কি রঙ বা আকার
কারও জানা নেই
জানবেনা কেউ কোনদিন
শুধু ঐ একলা ছুটে চলা চিলের কানে
একটুখানি বলে রাখতে পারো।
শহরেও সূর্য অস্ত যায়
আকাশী শাড়ি আর লাল টিপ পরা
রিক্সার অপেক্ষায় থাকা তরূনীর মতন।

তারিখঃ ০২/১১/১৯