ভয় নেইঃ কবি শাহিনা খাতুন।
প্রতিদিন খুঁজি তোমায়
চুপ করে বসে থাকি
অনেকের ভীরেও একা হয়ে থাকি
মনে মনে সব কথা তোমার সাথে
ঐ যে টাইলসের সিঁড়ি বেয়ে ধীর পায়ে
চলে যাই তোমার কাছে
জ্যোতির্ময় তুমি আস্তে আস্তে
আমার মস্তিষ্ক আমার মন হয়ে
প্রদক্ষিণ করে ফেল গ্রহ নক্ষত্রলোক
তদুপরি দীনহীন কাঙাল আমি
আবার তোমায় খুঁজি।
এই প্রেমময় খেলা
বড় অদ্ভুত খেয়াল তোমার
জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু
কী এক ঘোরের মহাকাল
কী এক মায়াবী মহাকাব্য
বড় হিসেবের জগত তোমার।
আমি এক দরিদ্র প্রজা
গোলামীর প্রমাণ দিতে ভীতু হয়ে থাকি
হে আমার প্রিয় মহাজন
যত ঘোর দেখাও আমায়
দেড় মিনিটের মধ্যে কেটে যায় তা
আমি আজন্ম তোমারই গোলাম
গোলামী আমার সবখানে
তাই মুনকির নাকির এসবের ভয় নেই।
তারিখঃ ০৮/১১/১৯
















