বিনিদ্র রাতেঃ কবি শাহিনা খাতুন।
ছোট ছোট শব্দ বড় হয়ে যায়
ঘুম ভেঙে যায়
ফ্যানের বাতাসে কিছু একটা দুলছে
বুঝে উঠতে পারছিনা কী দুলছে।
ভাবছি একটা রাত নাহয় ঘুমহীন হলো
কখন কিভাবে কোথায় বেঘোরে যায় প্রাণ
তখন শব্দেরা আর ভীড় করবেনা।
হয়তো অন্য কোন হাত
অন্য কোন কলম কাগজে
লিখে যাবে শোক কিংবা আনন্দগাথা।
কত সহজ হয়ে গেছে সবকিছু
সুইচ অন না করে, আলো না জ্বেলে
ফোনের নোটবুকেও লেখা চলে আজকাল।
খুব জানতে ইচ্ছে করে
অমরত্বে রবীন্দ্রনাথের কিছু যায় আসে কিনা?
কত শত নতুন শব্দ নতুন করে লেখা
পুরাতন অনুভব
সে অনুভব তোমার, সে অনুভব আমার
সে অনুভব আমাদের
এসব নিয়ে কতো কথা সুর কতকিছু আছে!
ইতিহাসও কবিতার মতো লাগে
শুধু জানা নেই কবিতার ইতিহাস।
যদি কোন নির্ঘুম রাতে
সিলিং ফ্যানের ঘর ঘর আওয়াজে
তোমার ঘুম ভেঙে যায়
তবে লিখে রেখো তোমার দুঃখগাথা
দুফোঁটা চোখের জল যদি গড়িয়ে পড়ে
বালিশ তোষকে তবে মনে রেখো
কারও কিছু যায় আসেনা তাতে
বড় তুচ্ছ জীবন, বড় অমূল্য সময়
কে কারে মনে রাখে অথবা রাখেনি
কিছুরই প্রয়োজন নেই
শুধু ভালো থাকা মহামূল্যবান।
খুব জানতে ইচ্ছে করে সাধকের রাত
কেমন হতে পারে
ভাবনারা আলো জ্বেলে দিয়ে কোথায় লুকায়?
৪/৪/২০২০
















