লাশঃ কবি শাহিনা খাতুন
বাবা তুমি কি জানো
তোমাকে বোঝার ক্ষণ
খুব বেড়ে গেছে আজকাল।
তোমার কফিনে আমি চোখ রাখিনি
তোমার নিথর দেহ আমি দেখবোনা বলে
ঘুমিয়ে ছিলাম সেদিন।
জুম্মাবার ভোরের আজান
আচ্ছালাতু খাইরুম মিনান নাউম ধ্বনি
তোমায় ঘুমের দেশে নিয়েছিল।
তবুও আমি আর একবার ডেকেছিলাম
ভেবেছিলাম একটু বাতাস সুর হয়ে এসে
খুব ভালবেসে তোমায় জাগিয়ে দিয়ে যাবে।
অক্সিজেনের নল বলে দিয়েছিল
আর কোন দম বাকি নেই।
চোখ বুঝে দেখলাম ময়ুরাক্ষী নদীর তীরের
বটগাছটা চুরি হয়ে গেছে
বৃক্ষ শীতল বাগান উজাড় হয়ে গেছে
গোবির মত মরুভূমি আছে শুধু
ধু ধু করা বালুরচর ভীড় করে আছে
ময়ুরাক্ষীর চোখে শুধু জল।
তুমি সন্ন্যাসী হতে চেয়েছিলে
তোমার পূর্বজনম অত সুকৃতি নিয়ে
ভাগ্যলিপি তৈরি করেনি।
তবুও হে পিতা
তবুও শুধু আমি জানি
তুমি সন্ন্যাসী ছিলে তুমি ছিলে ক্রীতদাস
আর আমি!
ক্রীতদাস হতে চাই বারবার
আমারে নেয়না কেউ
ভুল পরিচয়ের বোঝা কাঁধে নিয়ে
লাশ হয়ে গেছি বহুকাল আগে।
তারিখঃ ১১/১২/২০












