বিজয়ে তুমি: কবি মুহাম্মাদ আব্দুল লতিফ

বিজয়ে তুমি

কবি মুহাম্মাদ আব্দুল লতিফ।

আমি খুব অবাক হয়ে দেখছি তোমায়
কপালে মস্ত বড় একটা টিপ পড়েছো
আমি জানি এ তোমার বরাবরের পছন্দ
বার বার দেখে দেখে এই অসাধারণ দৃশ্য এখন সাধারণের কাতারে
কিন্ত আজ কি অসাধারণ তুমি!
লাল বৃত্তের মত টকটকে লাল টিপ
সবুজ জমিনে জড়ানো দেহ আর
বিজয়ের মাসে শক্ত হাতে ধরে থাকা দেশের পতাকা
সব মিলিয়ে এক ভিন্ন মাত্রার তুমি।
মনে হচ্ছে, আমি একটা মস্ত ফসলের মাঠ দেখছি
মনে হচ্ছে, আমি কৃষক দেখছি, কৃষকের হাসি দেখছি
মনে হচ্ছে, আমি শিশির দেখছি, কুয়াশা দেখছি,
আর কুয়াশা ভেদ করা স্বাধীন লাল সূর্য দেখছি
মনে হচ্ছে, আমি কোকিল দেখছি, কোকিলের গান শুনছি
মনে হচ্ছে, আমি উন্মুক্ত বিল দেখছি,
বিলে স্বাধীনভাবে ফোঁটা শাপলা দেখছি,
মনে হচ্ছে, আমি দোয়েলে দেখছি, দোয়েলের শিস দেখছি
মনে হচ্ছে, আমি এক টুকরো বাংলাদেশ দেখছি ।
আমি খুব অবাক হয়ে তোমাকে দেখছি
আমার মনে ধরার জালে জড়িয়েছ তুমি
আর মনের সকল সৌন্দর্য্য জড়িয়ে আছে তোমাকে
আমি তোমার হাসি দেখছি বিরামহীণভাবে
শীতের সকালে মিষ্টি রোদের মত সেই হাসি
আমি তোমার চোখের ভাষা পড়ছি
চেয়ে থাকা চোখগুলো আনন্দে নাচছে
এ যেন অনেক অপ্রাপ্তির পর প্রাপ্তির প্রকাশ ।
আমি তোমার বাধনহীন কেশের মৃদু চঞ্চলতা দেখছি,
বাতাসে উড়ে যাওয়ার তার এমন বায়নায়
হাজারো পথিক থমকে দাড়িয়েছে, কি যেন খুঁজছে তোমাতে,
আর আমি অবাক হয়ে এই তুমিকে ভাবছি
মনে হচ্ছে কোন ক্লান্তি নেই, অবসাদ নেই
দুঃখ নেই, কষ্ট নেই, কান্না নেই
কিংবা অপূর্ণতার লেশমাত্র নেই।
ডিসেম্বর, বিজয়, বাংলার রূপ
আর হাতে স্বাধীন পতাকায় তোমার উচ্ছ্বাস
এ যেন মুক্ত প্রাণের বিরামহীণ স্পন্দন
এ যেন ভরা সবুজের মাঠ, এ যেন আমার আত্মা,
যা ছুঁয়ে থাকবো অসীম সময়ের তরে
মনে হচ্ছে, এ আমারই দেশপ্রেম
আর আমি এই দৃশ্য আঁকবো বলেই বেঁচে আছি
বেঁচে থাকবো অনন্তকাল।
তারিখঃ ১৭/১২/২০