আপনি ও আমি
কবি শাহিনা খাতুন এর কবিতা
আমি আছি আপনি আছেন
আমি নেই আপনিও নেই
বিভেদ শুধু আমি চলে যাই
আর আপনার কোন প্রস্থান নেই
লক্ষ জনের মধ্যে থেকে যান
আমার লয় আছে আর আপনি চিরন্তন।
আমি খাই ঘুমাই প্রতারণা করি মিথ্যা বলি
আপনি দ্রষ্টা হয়ে দেখতে থাকেন
আমাদের বার বার মৃত্যু হয়
আপনারও ছোট ছোট মৃত্যু হয়,
ওগুলো আসলে মৃত্যু নয়
মৃত্যুকালে উপস্থিত হয়ে
আপনি একবার পরখ করেন
বর দিতে শিয়রে এসে দাড়ান
আমি তখন নির্বাক হয়ে যাই
এক একটি আড়ালের অবসান।
আপনাকে আমি ভালবাসি
আপনিও আমাকে খুব ভালবাসেন
এইসব ভুল পুতুল খেলার সংসারের
কোন জ্ঞান আমার নেই
ছয় রিপুর তাড়নায় আমি দিশেহারা
আর আপনি অভাব শূন্য
আপনার যেহেতু বিষয় বাসনা নেই
তাই আপনার ভালবাসাটা নিখাদ।
দৃশ্যত অদৃশ্যত যে জগৎ
আপনাতে অধ্যস্থ হয়ে আছে
আমি তার অংশ মাত্র জানি
তবুওতো ক্ষুদ্রের মাঝে বিরাট,
আপনার আর আমার মধ্যে
এক অদ্ভুত আড়ালের খেলা
এ খেলায় আমি সর্বদা হেরে যাই
হেরে গিয়ে কাঁদি, আপনাকে খুঁজেও কাঁদি।

৬/৪/২০২১














