কাশফুল-কবি মোহাম্মাদ আব্দুল লতিফ

কাশফুল-২ লিখেছেন কবি মোহাম্মাদ আব্দুল লতিফ

নীলাঞ্জনা।
ঠিক তাই, আজ তোমাকে নীলাঞ্জনা নামেই ডাকবো
কারো অধিকারে রাখা এই নাম থাকবে হয়তো
আমি পরোয়া করিনা,
এই মুহূর্তে নীলাঞ্জনার অধিকার শুধুই আমার।
তোমার নীল মাখা দেখে
আমি আজই চুক্তিবদ্ধ হয়েছি দিগন্তের সাথে,
বছরের একটি দিনের সমস্ত নীল সে তোমাকে দেবে
বিনিময়ে আমি তাকে দিবো একদল মেঘ
শিমুল তুলার মতো ভেসে বেড়ানো সাদা মেঘ।
তোমার সেই নীলে শাড়ী রাঙবে,
কপালের মস্ত টিপটা রাঙবে,
রাঙবে দুহাত ভরা কাঁচের চুড়ি,
কাজল কালো নয়—
নীল কাজলে আবৃত হবে মায়াবী চক্ষু যুগল।
কথা দিচ্ছি,
আমি সাক্ষী হয়েই পাইয়ে দেবো
তোমার অধিকারের সবটা নীল ।
নীলাঞ্জনা।
ঠিক তাই, তোমার প্রিয় ব্রহ্মপুত্র তোমাকে ডাকবে,
তার স্বচ্ছ নীলাভ জল তোমাকে ডাকবে,
ক্লান্ত মাঝি গানে গানে তোমাকে ডাকবে,
তোমাকে ডাকবে শুভ্র কাশের আঁচল উড়িয়ে
বিরহতরঙ্গে বয়ে যাওয়া সেই মৃদু হাওয়া।
আমি মুগ্ধ হয়ে দেখবো তোমাকে
দেখবো কাশবন ঘেষে তোমাকে বয়ে নেওয়া
পরাণ মাঝির সেই পালহীন নৌকা,
তোমার সমস্ত নীলে অবগাহন হবে আমার,
আমি মুগ্ধ হয়ে দেখবো তোমায়
সেই মুগ্ধতায় সঙ্গী হবে আমাদের কবি গুরু
আমরা গাইবো———
‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া’।