ইডিসিএল-এ ওষুধ প্রশাসনের মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন এবং সন্তোষ প্রকাশ।

বুধবার (৬ মে): Essential Drugs Company Limited (ইডিসিএল)-এ আকস্মিক পরিদর্শন করেছেন Directorate General of Drug Administration (ওষুধ প্রশাসন)-এর মহাপরিচালক মো: আলমগীর হোসেন।। পরিদর্শনকালে তিনি উৎপাদন কার্যক্রম, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়া এবং কারখানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ ও কার্যকর ওষুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উৎপাদন ব্যবস্থায় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক ইডিসিএলের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের জনগণের জন্য মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। পাশাপাশি জনবলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দেন, এছাড়াও আন্তর্জাতিক মান বজায় রেখে ওষুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে Essential Drugs Company Limited-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. সামাদ মৃধা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিদর্শন করান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ঢাকার কারখানার পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জমিতে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর বহুতল ওষুধ কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ কারখানায় সাপের বিষ প্রতিষেধক ও বিভিন্ন টিকা উৎপাদনের জন্য পৃথক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে হাম-রুবেলা, জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধী টিকার শেষ ধাপের উৎপাদন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ এবং খুলনা কারখানায় পৃথক মোড়ক তৈরির স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের চাহিদা অনুযায়ী মানসম্মত ওষুধ সরবরাহ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।