ঢাকায় RIPSA-এর TRF সেমিনার, অংশ নিলেন ৭০০-এর বেশি রোটারিয়ান

রোটারি ফাউন্ডেশনের কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান, ঢাকায় RIPSA-এর উদ্যোগে TRF সেমিনার অনুষ্ঠিত, অংশ নেন ৭০০-এর বেশি রোটারিয়ান

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬: রোটারি ফাউন্ডেশনের (TRF) কার্যক্রমে রোটারিয়ানদের আরও সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক প্রকল্প বাস্তবায়নে ফাউন্ডেশনের সুযোগ-সুবিধা কার্যকরভাবে ব্যবহারের আহ্বানের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রোটারি TRF সেমিনার ২০২৬।

রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাডভাইজার (RIPSA)-এর উদ্যোগে রাজধানীর ফিনিক্স কনভেনশন সেন্টারে আয়োজিত এ সেমিনারে রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর ৭০০-এরও বেশি রোটারিয়ান ও রোটারি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক আবিদুজ্জামান, পিএইচডি-এর নেতৃত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) এবং রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্টগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।

সেশনগুলোতে রোটারি ফাউন্ডেশনে রোটারিয়ানদের অবদান বৃদ্ধি, ফাউন্ডেশনের বিভিন্ন অনুদান ও আর্থিক সহায়তা কর্মসূচির যথাযথ ব্যবহার এবং বাংলাদেশে অর্থবহ, টেকসই ও জনকল্যাণমূলক মানবিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।সেমিনারে বিশেষভাবে ডিস্ট্রিক্ট গ্র্যান্ট ও গ্লোবাল গ্র্যান্টসহ রোটারি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির মাধ্যমে কীভাবে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সেবার পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সেমিনারের ইভেন্ট চেয়ার ও রোটারিয়ান, প্রাক্তন প্রেসিডেন্ট রাফিকুল ইসলাম রাউলি বলেন, “রোটারি ফাউন্ডেশন কেবল অনুদান সংগ্রহের একটি মাধ্যম নয়; বরং রোটারিয়ানদের সম্মিলিত সম্পদ, দক্ষতা ও মানবিক প্রচেষ্টাকে বাস্তব ও ইতিবাচক পরিবর্তনে রূপ দেওয়ার একটি শক্তিশালী হাতিয়ার।” তিনি রোটারিয়ানদের ফাউন্ডেশনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রোটারির এবারের বার্ষিক থিম “Create Lasting Impact”-এর আলোকে সেমিনারটি মানবিক সেবা, টেকসই উন্নয়ন এবং সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে রোটারির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

সেমিনার সফলভাবে আয়োজনে সহযোগিতার জন্য RIPSA-এর পক্ষ থেকে বক্তা, রোটারি নেতৃবৃন্দ, স্পনসর, আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী সকল রোটারিয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।