বাংলাদেশকে টিকা ও ওষুধ উৎপাদনে স্বনির্ভর করতে ইডিসিএল অগ্রণী ভূমিকা পালন করবে: ব্যবস্থাপনা পরিচালক আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ টিকা, ওষুধ, রোগ নির্ণায়ক সামগ্রী উৎপাদন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন এবং মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপির যৌথ উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় দেশের ওষুধ খাতের সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় সরকারি ওষুধ উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় দেশের ওষুধ খাতের সার্বিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি, বিশ্বমানের রোগ নির্ণায়ক সামগ্রী (ডায়াগনস্টিক কিটস) ও জীবন রক্ষাকারী টিকা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা দেশের জনস্বাস্থ্য খাতের কাঠামোগত উন্নয়ন এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোগে মানসম্মত টিকা ও ওষুধ উৎপাদনের ওপর বিশেষ জোর দেন। ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান এ সময় সরকারের এই যুগান্তকারী ও দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নে ইডিসিএল-এর পূর্ণ প্রস্তুতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুযায়ী দেশের ওষুধ ও টিকা উৎপাদন খাতকে বিশ্বমানের মানে উন্নীত করতে ইডিসিএল সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তি বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশলগত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।