বিডিনিউজ এক্সপ্রেসঃ ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন।
শনিবার বিকেল ৫ টায় নগরীর গাঙ্গিনারপাড় মোড়স্থ শাপলা চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, বিডি ক্লিন-ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু জনসাধারণের সচেতনতার বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, মশা উৎপাদন রুখতে জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। বাড়ির আশেপাশের জায়গাগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু আমরাই নয়, সকলেরই এব্যাপারে সহযোগিতা করা উচিৎ।
পরে স্টেশন মোড় পর্যন্ত পরিষ্কার করেন তারা ঝোপ-ঝাড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। অভিযানে নগরীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।











