ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন

বিডিনিউজ এক্সপ্রেসঃ গত ২৫ শে অক্টোবর, শুক্রবার পান্থপথের কে.পি.আর রেষ্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে প্রায় ১৪০ জন সদস্যকে নিয়ে এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে “পিসিসি ইয়ুথ মিট আপ- ২০১৯” উদযাপিত হয়। সকাল ১০ টায় ক্লাব প্রেসিডেন্ট মোঃ এ.কে. আজাদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডীন অধ্যাপক আ.ব.ম. ফারুক স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের প্রোডাকশন ফার্মাসিস্ট এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারী মোঃ জাহিদ হাসান, মেন্টর মোঃ রেজোয়ানুল হক এবং মোঃ বদরুদ্দোজা সরকার। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে উম্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশে ফার্মেসি শিক্ষা এবং ফার্মেসি সেক্টরের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, ফার্মাসিস্টের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। এছাড়াও অতিথিবৃন্দরা ক্লাবের ১৫ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে মেডেল প্রদান, ১০ জন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান এবং ৭ জন র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন। ক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে ফার্মা ক্যারিয়ার ক্লাবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাঁটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যান্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

তারিখঃ ২৬/১০/১৯