বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত আবেদন করেছে।
অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে রবিবার (৩ মে) এ আবেদনের ২টি কপি হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে আলোচনা করেন বিপিএফ-এর নেতারা।
আবেদনে উল্লেখ করা হয়, ‘আমরা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা দেশের ক্রান্তিলগ্নে ঔষধের সরবরাহ ঠিক রেখে দেশের মানুষের পাশে আছি। আমাদের কাজের পরিধি বাড়ানোর জন্য হাসপাতালগুলোতে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসরণ করে। এই মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অনেক বেগ পাচ্ছেন। আমরা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা এই ক্রান্তিকালে বসে থাকতে পারিনা।’
আবেদনে আরও বলা হয়, দেশের এই ক্রান্তিকালে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রস্তুত আছে বলে জানায় বিপিএফ।
এসময় বিপিএফ-এর সভাপতি হারুন অর রশীদের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান পাপ্পু এবং সদস্য মাহামুদুল হাসান গাজ্জালী সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ফার্মাসিস্টদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের ব্যাপারে সহযোগিতা এবং আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে বিপিএফ-এর নেতাদের আশ্বস্ত করেন।














