দিগন্তে: শাহিনা খাতুন।
খোলা দিগন্ত দেখে ছুটে যাও
দেখো কে আছে দাড়িয়ে
তোমার জন্য হাত বাড়িয়ে
আসমান জমিন তৃণলতা
চাঁদ সুরুজ মঙ্গল শুক্র শনি
কোন এক আহ্বানের প্রতিক্ষায় আছে
বেহেস্ত দোযখ খোঁজা হয়রান মন
ইট কাঠ পাথরে বন্দী হয়ে আছে
বুদ্ধ কিংবা লোকনাথ তাকে ছুঁয়ে যায়না।
এক দৌড়ে দিগন্ত ছুঁয়ে দেখ
সে তোমার অপেক্ষায় ছিল এতদিন
সন্ন্যাসী অথবা গৃহী যাই হতে চাও
এ ডাক অবজ্ঞার সাধ্য কি আছে?
সোনার সিন্ধুকে রাখা অমূল্য জীবন
হেলায় হেলায় ফুরিয়ে যায় নিজের মতন।
বড় অপরূপ এই বারামখানা
নিজের গড়া শৃঙ্খল
অন্যেরে দোষ দেই অনুক্ষণ।
ফকির সন্ন্যাসী ওলি যা ইচ্ছা বল তারে
সে কিন্তু বিবাগী হয়ে আছে
প্রেমময় জগতের ঘোরে।
তারে তুমি উপেক্ষা করে চলে যাও
নিজেকে জ্ঞানবান ভেবে।
নিরিখ করে একবার দেখো
আঙুলের ডগায় আছে আলো
সে আলো দিগন্তে আছে মিশে।
তারিখঃ ৩১/১০/১৯













