এখানে দাড়িয়ে থাক কিছুক্ষণ: কবি শাহিনা খাতুন এর কবিতা।

এখানে দাড়িয়ে থাক কিছুক্ষণঃ কবি শাহিনা খাতুন।

এখানে যদি কিছুক্ষণ দাড়িয়ে থাক
দেখবে পা থেকে শেকড় বেড়িয়েছে
মাটির অনেক গভীরে চলে গেছে শেকড়গুলো
পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে
এখন দেহের উপর দিয়ে হেটে যাও
যেমন মৃতদের উপর দিয়ে
আরশোলা পিপড়েরা হেটে যায়
একদিন এক মিছিলে
বাজার নিয়ে হাটতে দেখেছি তাকে
ব্যাগের ভেতর মদের গন্ধ ছিল।
আর রাস্তার পাশে শোভাযাত্রায়
লাশেরা হাত ধরাধরি করে ছিল
ভেবেছিলে ভুলে গেছি সব
ডিওডেনামের ক্ষতের যন্ত্রণায় কাতর
পিতার ঔষধের জন্য ছুটোছুটি
কিংবা প্রতিদিন ভীত সন্ত্রস্ত হয়ে
রাতের অভিলাষে বলিদান।
এসবের শব্দহীন দর্শক হয়ে
কেটে গেছে অনেককাল
কতদিন কত পথ হেটে দিন গেছে চলে
কেউ দূর্দশা নিয়ে অনুযোগ করেনি
সে এক দারুণ অভিশাপ।
যদি তুমি স্বপ্ন দেখ
তোমার রাজকন্যার চোখে অশ্রু নেই
যদি তুমি স্বপ্ন দেখ তোমার রাজপুত্র সক্রেটিস
সে এক মতিভ্রংশ অধ্যায় তোমার।

তারিখঃ ০১/১২/১৯