দেখেছো, তোমার এই ছবিটা ভাল হয়েছেঃ কবি মুহাম্মাদ আব্দুল লতিফ

দেখেছো, তোমার এই ছবিটা ভাল হয়েছেঃ লিখেছেন কবি মুহাম্মাদ আব্দুল লতিফ

– দেখেছো, তোমার এই ছবিটা ভাল হয়েছে
না, মানে আগেরটাও ভাল ছিলো তার আগেরটার থেকে
অবশ্য তার আগেরটার থেকে আগেরটা আরো ভাল ছিলো
– কি সব বলছো? তোমার চোখের পাওয়ার কি বাড়ছে দিন দিন?
– না বোধ হয়। চশমার মোটা লেন্সে পাওয়ার এডজাস্ট করা
তাই, নতুন করে পাওয়ার বৃদ্ধির সুযোগ নেই।
– তবে? মাঝে কি পাবনা টাবনা গিয়েছো না কি?
– সেটা যে হয় নি তা তোমার থেকে ভাল কে জানে?
তুমি এখন আমার প্রতি কদমের হিসেব রাখো
ভুল করে ভিন্ন পথে পা ফেলার সুযোগ নেই একটুও?
– তাহলে! নিশ্চয় নেশা ধরেছো নতুন করে?
– মাথা খারাপ? যে নেশায় বুদ হয়ে আছি
নতুন নেশার সাধ্য কি আর নেশা ধরায়।
– বুঝেছি। নিশ্চয় কবি হবার তালিম নিচ্ছো?
– মাফ চাই। তোমার উপমা লিখতে লিখতে আমি ক্লান্ত
কবিতার জন্য অবশিষ্ট নেই একটিও উপমা।
– এবার বুঝেছি। হৃদয়ে ভালোবাসার চাষ হচ্ছে।
– কি জানি, হবে হয়তো।
তোমার চোখে নতুন স্বপ্নের আবাদ হলে
তোমার কপোলে হাসির এমন টোল পড়লে
তোমার নাকে এমন মধুর লাজ ধরলে
তোমার অধরে মিষ্টি এমন বিষ ঝরলে
তোমার কেশের মায়ায় এমনি করে আটকে দিলে
হৃদয়ে ভালোবাসার চাষ! সেতো হবেই হবে।
আর আমি?তোমার লাজহীন লাজ ধার করে
তোমাকে তোমার ছাড়িয়ে যাওয়া দেখবো দুচোখ ভরে।

তারিখঃ ২১/১২/২০