বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন।

বিডিনিউজ এক্সপ্রেসঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন। আজ রোববার (৯ জানুয়ারি) এ নিয়োগ পান তিনি।

এর আগে ২০১৬ সালের ১ আগস্ট বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডা. হারুন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনের জন্ম ১৯৬৩ সালের ৩০ নভেম্বর সিরাজগঞ্জের জামতৈলে। তাঁর পিতা মো. আমিনুল বারী মিঞা ও মাতা বেগম লুৎফুন্নেছা।

তিনি ১৯৭৯ সালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এফএমআই থেকে এমপিএইচ (পিএইচএ) ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে ১৯৮৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন ডা. আব্দুল্লাহ আল হারুন। বর্তমান পদে পদোন্নতি পেয়েছেন ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ইউনিটে স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এবং একটি ফিল্ড অ্যাম্বুলেন্স ও দুইটি সিএমএইচ কমান্ড করেন।

কর্মজীবনে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত (ওকেপি-৫) কুয়েতে চাকরি করেছেন তিনি।

উল্লেখ্য, বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালটি রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমাতে পাড়বে বলে আশা প্রকাশ করছেন বিশিষ্ট জনেরা। এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবা খাত আরও একধাপ এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সুপার স্পেশালাইজড হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, কোরিয়ার জন্যও অত্যন্ত গৌরব ও মর্যাদাপূর্ণ। হাসপাতালটি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বহন করবে। সবচেয়ে বড় কথা, সুপার স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা পাবেন।

তারিখঃ ১০/০১/২২