HOME বাংলা নিউজ কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে সমাবেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় জাতীয়তাবাদী কৃষিবিদ ও পেশাজীবীবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আয়োজকেরা জানান, ডা. শাহাদাত হোসেন পারভেজ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সাংগঠনিক সম্পাদক এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব)-এর সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতিও ছিলেন। গত ৪ জুন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সাদেকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এতে অ্যাবের কেন্দ্রীয় ও ময়মনসিংহ শাখার সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন পেশাজীবীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. হেলাল উদ্দীন বলেন, ‘গত ৪ জুন কেআইবি চত্বরে আমাদের সহকর্মী পারভেজের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই। যারা এ ধরনের অপরাধী মানসিকতা লালন করে, তাদের কোনো সংগঠনের নেতৃত্বে থাকা উচিত নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’