HOME বাংলা নিউজ মানবিক উদ্যোগে শারমিন আক্তারের নতুন পথচলা, ইডিসিএল পরিবারে স্বাগত — আ. কা....
সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আ. কা. মো. আশরাফুজ্জামান বলেন “প্রতিকূলতাকে জয় করে এগিয়ে আসা উচ্চশিক্ষিত ও সংগ্রামী তরুণী শারমিন আক্তারকে ইডিসিএল পরিবারে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত, তাঁর মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশে একটি সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করবে।”
তাঁর এই নিয়োগ শুধু একটি কর্মসংস্থানের সুযোগ নয়; এটি প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের প্রতি রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ইডিসিএল পরিবার শারমিন আক্তারের নতুন কর্মজীবনের সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী শারমিন আক্তারের দীর্ঘ সংগ্রামের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে একটি চাকরি। গত ৩০ জুলাই তিনি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। গত ২ আগস্ট থেকে তিনি সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ কনিষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করবেন।
এর আগে গত ২৬ জুলাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাতক্ষীরা হাসপাতাল পরিদর্শনকালে শারমিন আক্তার তাঁর জীবনের নানা প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের কথা তুলে ধরে একটি চাকরির আবেদন জানান। তাঁর কথা শুনে মাননীয় মন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রীর মানবিক নির্দেশনা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. কা. মো. আশরাফুজ্জামান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শারমিন আক্তারের নিয়োগের প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেন।
স্বপ্নের চাকরি পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।