দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মানসম্মত ওষুধ ও ভ্যাকসিনের সরবরাহ আরও শক্তিশালী করতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর বগুড়া প্ল্যান্টে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডেঙ্গুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. কে. এম. আশরাফুজ্জামান-এর দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পনা ও উদ্যোগে বগুড়া প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে অব্যবহৃত অবকাঠামো ও বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বগুড়া প্ল্যান্টের প্রায় ২৫ হাজার বর্গফুট খালি জায়গায় একটি ভ্যাকসিন উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ইউনিট চালু হলে দেশে ডেঙ্গুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ভ্যাকসিন উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও একটি সেফালোস্পোরিন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
ইডিসিএলের বগুড়া প্ল্যান্ট দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। বর্তমানে প্ল্যান্টটিতে বিভিন্ন ধরনের ক্যাপসুল, ইনজেকশন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ উৎপাদন করা হচ্ছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করা সম্ভব হবে।
বর্তমানে বগুড়া প্ল্যান্টে সেফিক্সিম ২০০ ও ৪০০ মিলিগ্রাম ক্যাপসুল, সেফ্রাডিন ৫০০ মিলিগ্রাম ক্যাপসুল, সেফট্রিয়াক্সোন ১ গ্রাম ও ৫০০ মিলিগ্রাম ইনজেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করা হচ্ছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালগুলোতে সাশ্রয়ী মূল্যে জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ, আমদানিনির্ভরতা হ্রাস এবং সরকারি অর্থ সাশ্রয়—তিন ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দেশের ওষুধশিল্পের উৎপাদন সক্ষমতা ও আত্মনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।
জনস্বাস্থ্য সুরক্ষা, সরকারি ওষুধ সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা এবং দেশের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া প্ল্যান্টের এই সম্প্রসারণমূলক উদ্যোগকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।