চিঠিঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।

চিঠিঃ কবি শাহিনা খাতুন।

কীটপতঙ্গ প্রহর গুনে রাতের অপেক্ষায় থাকে
সন্তর্পণে ঘোরাঘুরি করে
আহার সঙ্গমের লাগসই সময় এই রাত
এক ঘুম দুই ঘুম তিন ঘুম
অতঃপর আবার কোন এক লৌহমাহফুজ
আবার কোন এক মাতৃজঠর।
অথচ অবসরে বসে দুদন্ড
নীল আকাশ দেখা হলোনা।
ব্যস্ত শহরে গাড়ীর হেড লাইটের
আলোর ঝলকানিতে
রাতের তারাদের ম্লান মনে হয়
সেই কবে কোন এক রাতে
চিঠির অপেক্ষায় ছিল প্রেমিক মন তার
অমাবস্যাতিথি পূর্ণিমারাত সবই
একে একে গত হয়ে যায়
চাহনিও অস্পষ্ট হতে থাকে ধীরে ধীরে।
এককালে নিজেরে খুঁজে পায় তসবিদানায়।
আহারে অবুঝ সহজ মন
কী খুঁজে কী বুঝে হয়ে গেল দেরী তোর
পারমুটেশন আর কম্বিনেশনের খেলা সব
সঠিক আর ভুলের বিভেদ বোঝা দায়।
এখন অনেক রাত
এখন অনেক ভোর।

তারিখঃ ২১/১১/১৯