রোটারির গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন স্থপতি ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয়, স্বর্ণ সম্মাননা পেল ঢাকা লেগ্যাসি

কক্সবাজার, ২৬ জুন: রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৬৪-৬৫-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন রোটারি ক্লাব অব ঢাকা লেগ্যাসির প্রেসিডেন্ট, স্থপতি ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয়। একই অনুষ্ঠানে ক্লাবটির সার্বিক সেবা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব ঢাকা লেগ্যাসি গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শুক্রবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ড. সুপ্রিয় পুরস্কার গ্রহণ করেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ২০২৫-২৬ রোটারি বর্ষে নেতৃত্ব, মানবিক সেবা এবং ‘Service Above Self’ আদর্শ বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয় বলেন, “এই সম্মান শুধু আমার নয়, আমাদের ক্লাবের প্রতিটি সদস্যের। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের প্রতি দায়বদ্ধতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এই স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও বেশি সেবামূলক কাজে উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট স্পেশাল রিপ্রেজেন্টেটিভ (রিপসা) টিম এবং ডিস্ট্রিক্ট ৬৪-৬৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা ক্লাবটির বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয় পেশায় একজন স্থপতি। তিনি ‘সুপ্রিয় অঙ্গন—আর্কিটেকচারাল ডিজাইন স্টুডিও’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি। ২০২০ সালে তিনি ‘গ্লোবাল আর্কিটেক্ট বিল্ডার অ্যাওয়ার্ডস (জিএবিএ)’ অর্জন করেন। পাশাপাশি ‘প্রেরণা’ ফাউন্ডেশন এবং ‘প্রেরণা ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি (পিআইডিটি)’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমেও যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানের শেষে ড. সুপ্রিয় ও ক্লাবের সদস্যরা আগামী বছরেও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।