ফিরে এসোঃ কবি শাহিনা খাতুন।
দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠি
খোলা আসমান নানা রঙের মেঘ
মেঘেদের উড়োচিঠি
মেঘেই থেকে যায়।
কালো মেঘেদের নাচ দেখেনা কেউ আর
কবি আর গান লেখেনা
মাঝিও গায়না আর গান।
বিশ্ব হাতের মুঠোয় নিয়ে ঘুরে ফিরে সব
সময় ফুরিয়ে গেছে
তিনি এলেন কই?
বৃষ্টির গান শুনে মল্লার মনে করেনা কেউ
কদমের ফুল
নদীর কিনারের বটগাছ
ঢেউয়ের গান
দুপাড়ের নাম না জানা গাছ লতা পাতা
ছোট ছোট সুগন্ধি ফুল
প্রেমিকের পায়ের শব্দের অপেক্ষায় থাকে
প্রেমিক ফিরে আসেনা।
আশ্বিনে গিয়েছিল শ্রাবণে আসার কথা বলে
ফিরবার শ্রাবণ আসে
প্রেমের অপেক্ষায় থাকে সব
চিরচেনা ভালবাসা অচেনা হয়ে গেছে
অতঃপর শ্রবণযন্ত্র তীক্ষ্ণ হয়ে আছে
ফিরে এসো আশ্বিনে বা অঘ্রাণে
অথবা কোন এক বরষায়।
তারিখঃ ০৮/০৭/১৯











