ভেবে দেখি আমি নেইঃ কবি শাহিনা খাতুন
আমাদের গ্যালাক্সি ছোট
সূর্য ছোট চন্দ্র ছোট
আমাদের পৃথিবীটা নাকি খুব ছোট
পৃথিবী সৃষ্টির ইতিহাস আছে
পৃথিবী পরিবর্তনের বর্তমান আছে
পৃথিবী ধংসের ভবিষ্যৎ আছে
আমার পিতা পিতামহ প্রপিতামহ
ওদের কোন ইতিহাস নেই
ওরা প্রজা ছিল
ওরা দরিদ্র ছিল
ওরা জ্ঞানী ছিলোনা
দুমুঠো ভাতের আশায়
ওদের জন্য নির্ধারিত সময় ফুরিয়ে গেছে
তাই ওদের নাম কোন কাগজে
অথবা কোন শিলালিপিতে লেখা নেই
আমিও আমার প্রপিতামহের নাম জানিনা
জমিদারী কর দিতে গিয়ে
ওরা কবিতা পড়তে পারেনি
ছেলের মুখে পান্তা ভাত দিতে গিয়ে
ওদের আর সক্রেটিস পড়া হয়ে ওঠেনি
তাই আজও আর্য অনার্যের দাবী রয়ে গেছে
আমার কি নাম?
হয়তো রাম অথবা রহিম
কিংবা জন বা জনার্দন বলতে পার
যেটা খুশী বল তাতে আমার
কিচ্ছু যায় আসেনা
আমি শুধু জানি আমি ছিলামনা
আমি নেই এখনো
আমি থাকবোনা কোনদিন।
তারিখঃ ০৩/০৭/১৯













