আপনি নিজেই
কবি শাহিনা খাতুন এর কবিতা
হয়তো ভাবছেন আমাকে শত্রু হিসেবে দেখালে
আপনি পার পেয়ে যাবেন
এসব সব ভুল
পূর্ব অর্জিত কর্মফল অভিজ্ঞতা
জ্ঞানী হতে দেয়নি বা মানুষ হতেও দেয়নি
শুধু নামমাত্র শিক্ষিত করেছে।
সনদগুলোতে হাত বুলিয়ে দেখুন
অক্ষরগুলো হাসছে,
বলছে আদি ইতিহাস ভুগোল পৌরনীতি
এসব সব সত্যের গ্রন্থ
এর চেয়ে এক বড় গ্রন্থ আমরা ফেলে চলে এসেছি
সেখানে বিকৃত লালসা ছিল,
অন্যের জমি লিখে নেওয়া আর মেরে ফেলার জীববিজ্ঞান ছিল
পরস্ত্রী পরধন ছিনিয়ে নেওয়ার রসায়ন ছিল
রাষ্ট্রের ধন নিজের করে নেওয়ার গণিত ছিল
ইনিয়েবিনিয়ে কৌশলে মিথ্যে বলার ফাইন আর্টস ছিল
তাই আমাকে শত্রু ভেবে লাভ নেই
আপনার শত্রু আপনি নিজেই।













