আমার ভালবাসার নদী: কবি শাহিনা খাতুন

আমার ভালবাসার নদী

                      কবি শাহিনা খাতুন।

বিশ্বাস কর এইখানে একটা নদী ছিল
ঐ যে একটু দুরে বাড়ীগুলো দেখছো
ঐখানে নদীর ঘাট ছিল
ছিদাম মাঝির পাল ছেঁড়া ছিল
লুঙ্গিটাও ঠিক একই রকম
কিন্তু ওর গানের সুরে আমার ঘুম ভাঙতো
সকাল বেলার সেই মিষ্টি ভাটিয়ালীর লম্বা টান
আমায় সারাদিন কী এক আনন্দে রাখতো
আমায় কেউ দুঃখ দিলেও দুঃখ হতোনা
সেই সুরে দুঃখ ঢাকা পরে যেত
আর এই যেখানে দাড়িয়ে আমরা কথা বলছি
এখানে ছিল একটা বড় বট গাছ
বটগাছের তলায় দিনরাত কত যে আড্ডা ছিল
সে যদি তুমি দেখতে
ভালবাসার অভিসার
ভাল না বাসার অভিমানের গল্প
আত্মহননের গল্পও আছে
ঘরে না ফেরা মানুষের ঘর ছিল
এই গাছের তল
দিনরাত্রি খেয়া পাড়াপাড়
খেয়ার নৌকাপথ আজ আর নেই
আজ আর সেই হাট নেই
হাটভাঙার ছবিও নেই
কলের গাড়ি চলার পুল বানালে
যে নদীর জন্য
সে নদী আমার হারিয়ে গেছে
বিশ্বাস কর ও শুধু নদী ছিলোনা
ও আমার সই ছিল
ঘটা করে ওর সাথে সই পাতিয়েছিলাম
যেদিন আমার পতি অন্য নারীর হাত ধরেছিল
সেদিন সই আমার গলা ধরে খুব কেঁদেছিল
সেই পুল আছে গাড়ী চলে
শুধু আমার সই নেই
তাকে তোমরা হত্যা করলে
আমার পাঁজর ভেঙে গেছে
ও নদী আমার ভালবাসার নদী।