মৃতদের মিছিলঃ কবি শাহিনা খাতুন।
নতুন কোন পথের আশায়
চেনা পথ বন্ধ করে দিয়ে
দ্রুত পায়ে হেটে চলে যায়
একজন অনুরোধ করেছিল
ভাল আছেতো?
একবার মুখ তুলে আকাশের দিকে
চেয়ে মৃদু হেসে বলেছিল
স্বর্গ দেখেছে সে কিছুক্ষণ আগে
ঐ চেনা পথে বহুজন তখনও দাড়িয়েছিল
কেউ ধীর পায়ে
কেউ ত্রস্ত পায়ে চলছিল
পাশের দোকানে গান বাজে
তুমি কি সেই আগের মত আছ
নাকি অনেকখানি বদলে গেছ
শিশুর কান্না শুনে মায়ের মত লাগে সব
বিড়বিড় করে কি যেন বলে চলে একজন
সে কি প্রেমিকাকে খুঁজে পেয়েছে
নাকি হারিয়েই ফেলেছে চিরতরে
জানা হলোনা তাই
কোন এক বিষন্ন বিকেলে
তার মুখ মনে পড়ে যায়।
মিছিলের মত মনে হয়েছিল
পিছনে যে দাঁড়িয়েছিল
সে অশ্রু গোপন করতে চেয়েও পারেনি
আমি তার মুক্তোবিন্দুর মত বেদনাশ্রু
দেখে ফেলেছিলাম।
চিৎকার করে কঁাদা কিশোরীর মুখ
খুব বেশী মায়াময় ছিল
মনে হয়েছিল হ্রদপিন্ডটাকে
টান মেরে উপরে ফেলেছে কেউ।
প্রেম ছিল বিরহ ছিল
দুঃখ ছিল বেদনা ছিল
কান্না ছিল হাসিও ছিল
গ্রাম নেই শহর নেই
গাছ নেই নদী নেই
তুমি নেই আমিও নেই
শুধু একটা মৃতদের মিছিল ছিল।
তারিখঃ ০৮/১১/১৯













