আমি তাকে ভালবাসতাম বলে: কবি মোহাম্মাদ আব্দুল লতিফ।

আমি তাকে ভালবাসতাম বলেঃ মোহাম্মাদ আব্দুল লতিফ।

আমি তাকে ভালবাসতাম বলে
এক সময় গল্প লিখতাম
তাকে নিয়ে অথবা তার জন্য
লিখতাম কবিতার দু-চার চরণ
গান বাঁধতাম নিজের মত করে
রংতুলিতে কতবার তার চেহারা ফুটিয়ে তুলতে চেয়েছি
সফল যে খুব একটা হয়েছি তা নয়
মাঝে মাঝে নিজের প্রতিভায় নিজেই হেসেছি ।

আচ্ছা, আমি কি এখনো ভালবাসি তাকে?
এখনো কি গল্পের চরিত্রগুলো তাকে ঘিরেই আবর্ত হয়?
কিংবা কবিতার উপমা কি তার সৌন্দর্যে ভাগ বসায়?
গানের কথায় কি শোভা পায় তারই বন্দনা ?
ভাবতে হবে একান্ত অবসর পেলে
কর্মহীন একটি দিন ভাববো তাকে
ভাববো শরতের কাশফুলের সাথে আড্ডায়
ভাববো হেমন্তের অলস দুপুরে
তার লেখা আর তাকে লেখা পত্রের ফাইলে
কাটাবো শীতের পুরু একদিন
অতীতের ভাঁজ করা খামের পরতে পরতে
প্রেম খুঁজে দেখবো এক বর্ষার চব্বিশ ঘন্টা।
ভালবাসার সব স্মৃতিতে সাঁতরে দেখতে চাই
কিছুই কি নেই বাকি
নাকি সব অতীতের মত অতীত।

তারিখঃ ১৫ অক্টোবর ২০১৬