সব জমা আছে: কবি শাহিনা খাতুন এর কবিতা।

সব জমা আছে: শাহিনা খাতুন।

বাতাসে সব আছে
অহরহ মিথ্যে, মিছিমিছি বড়াই
হেরে যাওয়া মানুষের কান্না
গাড়ীর হুইসেলের সাথে সাথে
ওগুলোও মিশে থাকে সবখানে।
বড় দয়াশীলা নিসর্গ
অব্যক্ত হয়ে থাকে বলে
ভেবোনা ব্যাথা নেই, দুঃখ নেই।
দুঃখের ভারে নুয়ে পড়া হরিতকি গাছ
অফিসের বারান্দায় উঁকি দেয়
ও সবই জানে
ন্যায়ের শপথ নিয়ে যে অবিচার
প্রতিদিন হতে থাকে
দূর্বলের সাথে
তার কিন্তু সাক্ষী হয়ে আছে
বৃক্ষ লতাপাতা ধুলো।
রাস্তার পাশে ঘুমিয়ে থাকা সংসার
প্রত্যহ আমারে দোষে
আমি তার ভালবাসা চুরি করে নিয়ে গেছি বলে
আদালতে যেতে তার ইচ্ছে হয়
ইচ্ছেরা মনেই থেকে যায়
অলিগলি রাজপথে হারানো প্রেম খুঁজে ফেরে
যদি কোন এক গভীর রাতে
অথবা দ্বিপ্রহরে কাটফাঁটা রোদে
কোন এক ফুটপাথে দেখা হয়ে যায় তার সাথে
বলে দিও আমি তার দুঃখ দেখেছি
সবকিছু কান্না হয়ে জমা আছে
সবকিছু শক্তি হয়ে জমা আছে।

তারিখঃ ২৪/১০/১৯